গুমের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ এপ্রিল

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ , আপডেট সময় : ১৬-০৪-২০২৬
আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অপর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

এদিন তৃতীয় সাক্ষী মুন্নী আক্তার-কে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল গণি টিটো। জেরার সময় সাক্ষীর বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং ট্রাইব্যুনালে অসত্য তথ্য দেওয়ার অভিযোগও করেন।


মুন্নী আক্তার তার সাক্ষ্যে জানান, তার স্বামী নজরুল ইসলাম-কে গুম করার পর জিয়াউল আহসান হত্যা করেন। এর আগে গত ৮ এপ্রিল তার জবানবন্দি নেওয়া হয় এবং প্রথম দফার জেরা অনুষ্ঠিত হয়। অসম্পূর্ণ জেরা শেষ করতে আজ পুনরায় তাকে আদালতে আনা হয়।

রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, শাইখ মাহদীসহ অন্যরা।

এর আগে সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান-কে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

চলতি বছরের ১৪ জানুয়ারি তার বিরুদ্ধে তিনটি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইল এলাকায় সজলসহ চারজনকে হত্যা, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা এলাকায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যা এবং পৃথক আরেক ঘটনায় আরও ৫০ জনকে হত্যার অভিযোগ।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :