আগামী নির্বাচনে হক এবং বাতিলের ফায়সালা হবে - জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের কুরআন এক, আল্লাহ এক, নবী এক এবং পথ আমাদের এক। যেখানে আমরা যাব সেই জায়গাটাও আমাদের এক। কাজে আমাদের মধ্যে কোনো ভিন্নতা থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ আমাদের জন্মভূমি, আল্লাহর বিশেষ দান। আমি অনেক দেশ ঘুরেছি, আমার মনে হয়েছে এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে।
শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আমির মাওলানা তাজুল ইসলামের পরিচালনাধীন ফিরোজশাহ মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহফিলে প্রধান মুফাসসির ছিলেন মাওলানা মামুনুল হক।
জামায়াতের আমির বলেন, আমাদের দেশের জলে-স্থলে, মাটির নিচে সম্পদে ভরা। শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে। আর সেটি হলো অতীতে যারা দেশ পরিচালনা করেছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব। যখন তারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখনই জনগণের খাদেম না হয়ে মালিকে পরিণত হয়েছেন।
তিনি আরও বলেন, ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে বাংলাদেশ। আগামীতে যে নির্বাচন আসবে সেখানে হক এবং বাতিলের মধ্যে ফায়সালা হবে ইনশাআল্লাহ। এতে আমাদের সবাইকে হকের পক্ষে থাকতে হবে। কারো রক্তচক্ষুকে পরোয়া করা যাবে না। একমাত্র আল্লাহকে পরোয়া করতে হবে।
জামায়াতের আমির বলেন, এই ভোট শুধু ভোটাধিকার নয়, এটা একেকটা ভেটো পাওয়ার। এখানে ভুল করা যাবে না। ভুল করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোট দেবেন, হকের পথে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন। আল্লাহর জন্য যারা ঐক্যবদ্ধ হবে তাদের সঙ্গে থাকবেন। আমরা একসঙ্গে থাকব ইনশাআল্লাহ। আল্লাহর রাজ কয়েম করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সঙ্গে আপস করব না। এই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামবো না।
আমরা দলকে বিজয় করতে চাই না জানিয়ে শফিকুর রহমান বলেন, খেয়াল রাখবেন কোনো শয়তান যেন আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে। আল্লাহ কসম আমরা কোনো দলেকে বিজয় করতে চাই না। আমরা আল্লাহর দ্বীনের বিজয় চাই, জনগণের বিজয় চাই। এই মজলুম জনগণ আর যেন জুলুমের শিকার না হয়। আল্লাহ কাছে সেই দোয়াই করছি।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, নগর জামায়াতের আমির নজরুল ইসলাম, উত্তর জেলার আমির আলা উদ্দিন সিকদার, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল অলম চৌধুরী, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার ও দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বদরুল হক।
ক্ষমতায় গেলে আমরা পিআর বাস্তবায়ন করবো
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত রয়েছে। এটি জনগণের স্বার্থে বাস্তবায়ন করতে হবে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি যে পিআর আমরা বাস্তবায়ন করব, ইনশাল্লাহ।
আজ (শনিবার) বিকেলে চট্টগ্রাম কলেজের (প্যারেড ময়দান) মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম পৌঁছান ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, দেখেন, আমাদের এত পজিটিভ এজেন্ডা—আমরা জাতির জন্য কী করব, এগুলো ভাবতে আর বলতে বলতে সময় চলে যায়। কাউকে খোঁচানোর জন্য কিংবা কারো খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই, কিন্তু এই ফিল্ড তৈরি করতে হবে আমাদের—সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। না হলে এ দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না, ইনশাল্লাহ!
চট্টগ্রামে ডা. শফিকুর রহমান প্রথমে আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনীর আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেবেন। এর পর সন্ধ্যা ছয়টায় তিনি চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কমেন্ট বক্স