ভারতকে ভারতের মাটিতে লজ্জায় ডোবালো প্রোটিয়া
গুয়াহাটি টেস্টে ভারত ছিল পরাজয়ের দ্বারপ্রান্তে। স্বাগতিকদের জন্য সুযোগ ছিল ড্র করার। তবে সেই কঠিন কাজটি আর শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারেনি রিশব পন্তের দল। গতকালই ২ উইকেট হারানো গৌতম গম্ভীরের শিষ্যরা আজ বাকি ৮ উইকেট হারিয়েছে। প্রোটিয়া স্পিনারদের দাপটে অল আউট হয়েছে ১৪০ রানেই। এতে ৪০৮ রানের বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ জিতে ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ল টেম্বা বাভুমার দল।
ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকা সবশেষ টেস্ট সিরিজ জিতেছিল ২০০০ সালে। হ্যান্সি ক্রনিয়ের অধীনে সেই জয়ের পর এরপর এবারই প্রথম সিরিজ জেতার স্বাদ পেল প্রোটিয়ারা। এর আগে কলকাতায় সিরিজের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সেও স্বাগতিকদের হারিয়েছিল টেম্বা বাভুমার দল। এদিকে রানের হিসাবে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হারও এটি।
৫ উইকেটে ২৬০ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসের ২৮৮ রানের লিড মিলিয়ে তারা ভারতকে দিয়েছিল ৫৪৯ রানের বিশাল লক্ষ্য। ভারত চতুর্থ দিনের খেলা শেষ করে ২ উইকেটে ২৭ রান নিয়ে। আজ শেষ দিনে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৮ উইকেট, ভারতের প্রয়োজন ছিল ৫২২ রান।
টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ৪১৮। সব মিলিয়ে টেস্টে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও ৪১৮। দক্ষিণ আফ্রিকাকে হারাতে হলে এই রেকর্ড পেরিয়ে আরও ১৩১ রান করতে হত পন্তদের। শেষ পর্যন্ত সেই অসম্ভব কাজটি আর করা হল না ভারতীয়দের। শুধু এশিয়ার মাটিতে খেলা টেস্টগুলোতে এর আগে কোনো দল ৪০০ রানও তাড়া করতে পারেনি। সর্বোচ্চ তাড়ার রেকর্ড ৩৯৫, চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে তা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের মাটিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ৩৮৭, ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিল ভারত।
২ উইকেটে ২৭ রান নিয়ে শেষদিনের ব্যাটিংয়ে নেমে ভারত সুবিধা করে ওঠতে পারেনি। দিনের শুরুতেই ফিরেন কুলদীপ যাদব। এরপর আর কেউই তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেননি। যদিও ব্যতিক্রম ছিলেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় এই অলরাউন্ডার প্রোটিয়া স্পিনারদের ঘূর্ণি সামলে স্কোরবোর্ডে রান বাড়াচ্ছিলেন। ব্যক্তিগত অর্ধশতকের মাইলফলকও পেরিয়েছিলেন তিনি। তবে অপরপ্রান্তে সঙ্গীর অভাব বোধ করেছেন তিনি। প্রোটিয়া বোলারদের তোপের মুখে কেউই ক্রিজে থিতু হতে পারছিলেন না।
ধ্রুব জুরেল, নিতিশ রেড্ডিরা দ্রুতই ফিরলে শেষ পর্যন্ত ১৪০ রানেই অল আউট হয় ভারত। আর ৪০৮ রানের বিশাল জয়ে সিরিজ নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে ৬ উইকেট নিয়েছেন সিমন হার্মার। গতকাল লোকেশ রাহুলকে আউট করার পর আজ আরও ৫ উইকেট নেন তিনি। এছাড়া ২টি উইকেট নিয়েছেন কেশব মহারাজ। একটি করে উইকেট নিয়েছেন সেনুরান মুথুস্বামী ও মার্কো ইয়ানসেন।
কমেন্ট বক্স