বাম দলগুলোর মিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বাম দলগুলোর মিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, কয়েকটি বাম দলের শান্তিপূর্ণ মিছিলে হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়। এ ধরনের আচরণ করে বন্দর বিদেশির হাতে দেওয়া যাবে না।
বিবৃতিতে সাইফুল হক বলেন, দেশের বন্দর বিদেশি কোম্পানিগুলোর কাছে ইজারা দেওয়ার বিরুদ্ধে আজ দুপুরে বামপন্থিদের যমুনা অভিমুখী মিছিলে পুলিশি হামলা-আক্রমণ ও নেতাকর্মীদের আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না।
বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশি ফ্যাসিবাদী আমলের দুঃশাসন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের কথাই মনে করিয়ে দেয়। আজকের পুলিশি আক্রমণে নারীরাও রেহাই পায়নি।
সাইফুল হক বলেন, রাজনৈতিক দল বা নাগরিকদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মিছিলে হামলাকে অপরাধ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
তিনি ন্যাক্কারজনক হামলা ও নেতাকর্মীদের আহত করার ঘটনায় যুক্তদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
রাজধানীর কাকরাইল এলাকায় বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্টের যৌথ উদ্যোগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশের লাঠিচার্জে ১২ জন আহত হন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
কমেন্ট বক্স