১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

হাদির মৃত্যুতে বিএনপি ও তারেক রহমানের শোক

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৮-১২-২০২৫
হাদির মৃত্যুতে বিএনপি ও তারেক রহমানের শোক
 ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীর শোকাহত।”
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)-এর সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ। এছাড়া ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিমও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাতে ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে জানিয়েছেন, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”
এ ঘটনায় রাজনৈতিক মহলসহ দেশের বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

তারেক রহমানের শোক 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

শায়রুল কবির খান জানান, তারেক রহমান এক শোকবার্তায় শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং এই শোকসন্তপ্ত সময়ে তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।

একই ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকেও পৃথকভাবে শোক প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ