১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

এনসিপি ছাড়ছেন তাসনিম জারা

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ২৭-১২-২০২৫
এনসিপি ছাড়ছেন তাসনিম জারা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হওয়ায় ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে থাকা ডা. তাসনিম জারা।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।


এদিকে এনসিপি থেকে তাসনিম জারা পদত্যাগ করছেন বলেও জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, “দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা দলীয় হাইকমান্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।” তিনি এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি।


এদিকে ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।”

তাসনিম জারা আরও লিখেছেন, “আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।”

তিনি লিখেন, “একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোন দলের সাথে থাকছি না, তাই আমার সে সব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা, এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব।”

স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে আগ্রহীদের উদ্দেশ্যে একটি ফেসবুক গ্রুপের লিংক যুক্ত করে তাসনিম জারা লিখেছেন, “নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা-৯ আসনের ৪৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করবো। মাত্র এক দিনে এত মানুষের সাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটা করতে পারবো না। এই কাজে যারা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসাবে সাহায্য করতে চান, তারা অনুগ্রহ করে এই গ্রুপে যুক্ত হন। আপনাদেরকে নির্দিষ্ট স্থান ও লোকেশন জানিয়ে দেওয়া হবে।”

এছাড়া, এর আগে যারা তাকে নির্বাচনের জন্য বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন তারা অর্থ ফেরত পেতে চাইলে দেওয়া হবে বলেও জানিয়েছেন তাসনিম জারা। এজন্য একটি ফরম পূরণ করতে হবে। সেটিও নিজের পোস্টে যুক্ত করেছেন তাসনিম জারা। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ