স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স এবং ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের যৌথ উদ্যোগে অ্যালামনাই মিট-আপ অনুষ্ঠিত
স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স এবং ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের যৌথ উদ্যোগে একটি অ্যালামনাই মিট-আপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের কান্ট্রি হেড এস এন হুসাইন। এ ছাড়া বিভিন্ন পেশায় কর্মরত প্রাক্তন শিক্ষার্থী, উদ্যোক্তা এবং ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ফ্রান্সে অধ্যয়নরত ও প্রাক্তন বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার একটি কার্যকর মঞ্চ তৈরি করা।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এস এন হুসাইন বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা ফ্রান্সকে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে বর্তমান শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি বাংলাদেশে ফ্রান্সের শিক্ষা ব্যবস্থার প্রচার আরও জোরদার করা এবং বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে একাডেমিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স-এর সভাপতি সাইফুল আলম সবুজ তাঁর বক্তব্যে ফ্রান্সের সাংস্কৃতিক অভিযোজন, বহুজাতিক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ এবং কর্পোরেট খাতে পেশাগত সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি আবু জুবায়ের। তিনি ফ্রান্সের শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়াও আল ফারাবি চৌধুরী, এন এস পূর্ণতাসহ অন্যান্য বক্তারা তাঁদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন।
এই অ্যালামনাই মিট-আপে ফ্রান্সের প্যারিস স্যাক্লে, সোরবন, ইকোল পলিটেকনিক, প্যারিস সিটি, ইউপিইসি, মন্টপেলিয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ল’রিয়াল, কেপিএমজি, জাইলেম, অফি, নেটইভেন, নেক্সটস্টেশনসহ বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা ফ্রান্সে আগমনের পর তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা, ইন্টার্নশিপ অর্জনের কৌশল এবং কর্পোরেট জীবনে সফল হওয়ার বাস্তব দিকনির্দেশনা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। অপরদিকে শিক্ষার্থীরা প্রশাসনিক জটিলতা, খণ্ডকালীন কাজ এবং পড়াশোনার চাপসহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স মনে করে, এ ধরনের আয়োজন নতুন ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে দৃঢ় সেতুবন্ধন গড়ে তোলে এবং ভবিষ্যতে শিক্ষাগত ও পেশাগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, বক্তা এবং সহযোগীদের প্রতি বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
কমেন্ট বক্স