অনেক ডিসি-এসপি পক্ষপাত করছেন- অভিযোগ জামায়াতের
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তার অভিযোগ, রিটার্নিং কর্মকর্তা হিসেবে অনেক ডিসি ও এসপি পক্ষপাত করছে। তারা একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। পক্ষপাতদুষ্ট এসব ডিসি ও এসপিদের সরিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) বলেছেন তিনি।
বুধবার (৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তাহের বলেন, “দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কোনও কোনও জায়গায় কোথাও কোথাও গ্রহণ করা হয়েছে। কোথাও কোথাও বাতিল করা হয়েছে। যেমন বিএনপির আব্দুল আউয়ালের গ্রহণ করা হয়েছে। মোফাজ্জল হোসেন কায়কোবাদের দ্বৈত নাগরিকত্ব আছে। আমাদের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইভাবে আওয়ামী আমলে মামলায় দুই রকম সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তাই আমরা বলেছি, দলীয় পক্ষপাত করছে রিটার্নিং কর্মকর্তারা। আমরা সে সকল রিটার্নিং কর্মকর্তা ও এসপিকে সরিয়ে দিতে বলেছি। যারা একটা পলিটিক্যাল পার্টিকে বিলং করতে চায়, তাদের সরিয়ে দিতে বলেছি।”
জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, “নির্বাচনের সময় একজনকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে। যেটা মানুষের মানুষের মাঝে ইম্প্রেশন আসতে পারে, ‘হি বিকাম সামথিং’। তারা বলেছেন, নীতিগতভাবে বিষয়টি দেখবে। এছাড়া একটি দলের পক্ষ থেকে ক্ষমতায় গেলে কৃষি ও ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে। এটা আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।”
নায়েবে আমির বলেন, “আমরা সিসিটিভির কথা বলেছি। উনারা ৯০ শতাংশ কেন্দ্রে এটা করবে। নির্বাচন একতরফা করে একটি দল নির্বাসনে আছে। এখন আরেকটি দল এমন করলে তারাও নির্বাসনে যাবে। এভাবে চলতে থাকলে তো আর বাংলাদেশে কোনও দল থাকবে না। আমরা বলেছি, আপনাদের (ইসি) মাঠে প্রমাণ করতে হবে। আমরা স্পেসিফিক কোনও তালিকা দেয়নি ডিসি-এসপিদের। আমরা পর্যবেক্ষণ করবো, তারপর তালিকা দেবো।”
কমেন্ট বক্স