নতুন বন্দোবস্তের কথা বলে তারাই ফিরে যাচ্ছেন পুরানো ধারায়- শামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেছেন, পরিবর্তনের যে প্রত্যাশা ও প্রতিশ্রুতি নিয়ে নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছিল, বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং যাদের দায়িত্ব ছিল এই পরিবর্তন আনার, তারাই আবার পুরোনো রাজনৈতিক ধারায় ফিরে যাচ্ছেন।
এক বক্তব্যে সামান্তা শারমিন বলেন, দলের পক্ষ থেকে শুরুতে যেসব বক্তব্য ও লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, সেগুলো ছিল আশাব্যঞ্জক। সেসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে দেশ ও রাজনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হতো। কিন্তু বাস্তবতা হলো, দলের দফা দাবি ও প্রস্তাবিত লক্ষ্য থেকে এনসিপি এখন পুরোপুরি সরে এসেছে।
তিনি অভিযোগ করেন, নতুন বন্দোবস্তে ফেরার কোনো সুস্পষ্ট প্রক্রিয়ার মধ্যেও দল নেই। বরং বর্তমানে দলটি এক ধরনের রাজনৈতিক গোলকধাঁধায় আটকে পড়েছে। দলের শীর্ষ নেতারা যেসব বিষয়কে একসময় সর্বোচ্চ গুরুত্ব দিতেন, সেগুলো এখন আর অগ্রাধিকারে নেই। উল্টো তাদের কর্মকাণ্ডে সম্পূর্ণ বিপরীত অবস্থান স্পষ্ট হচ্ছে।
সামান্তা শারমিন বলেন, দলীয় নেতৃত্বের অতীত বক্তব্য ও বর্তমান অবস্থানের তুলনা করলেই বোঝা যায়, এনসিপি এখন আর কোনো নতুন বন্দোবস্তের পথে নেই। বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় সেই বন্দোবস্ত পুনরায় ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় নতুন করে রাজনৈতিকভাবে শুরু করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দলের বর্তমান কর্মকাণ্ড ও অবস্থানের কারণে তাকে এখন নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে।
কমেন্ট বক্স