বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি
বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ মঙ্গলবার সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।
সালাহউদ্দিন আহমদ যখন এই ঘোষণা দেন তখন সেখানে দলটির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন আহমদ সাদা ও নীল রংয়ের দুটি ফরম হাতে নিয়ে বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে।
তিনি আরও বলেন, এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলবো।
এরপর তিনি দলীয় সদস্যদের উদ্দেশে বলেন, আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।
কমেন্ট বক্স