ভারত চ্যাম্পিয়ন
শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের মেয়েদের
এশিয়া কাপ রাইজিং স্টারসে দুর্দান্ত সূচনার পরও শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের মেয়েদের। ফাইনালে ভারতের কাছে ৪৬ রানে হেরে রানার্সআপ হয় টাইগাররা।
রোববার (২২ ফেব্রুয়ারি) ব্যাংককে অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রাধা যাদব। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে ভারত।
দুই ওপেনার নন্দিনি কাশ্যপ ও দীনেশ বৃন্দার ব্যাটে ভালো শুরু পায় ভারত। পাওয়ার প্লের শেষ ওভারে দলীয় ৩০ রানে বৃন্দা আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। পরের ওভারের প্রথম দুই বলেই দুটি উইকেট হারায় ভারত—১৫ বলে ৮ রান করা নন্দিনী রানআউটে বিদায় নেন, আর পরের বলেই গোল্ডেন ডাক করেন মিনু মানি।
চাপের মুখে দলকে টেনে তোলেন তেজাল হাসাবনিস। অধিনায়ক রাধা যাদবকে সঙ্গে নিয়ে ৫০ বলে ৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। রাধা ৩০ বলে ৩৬ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ৩৪ বলে অপরাজিত ৫১ রান করেন হাসাবনিস।
বাংলাদেশের হয়ে অধিনায়ক ফাহিমা খাতুন তুলে নেন চার উইকেট। এছাড়া ফাতেমা জাহান সোনিয়া ও ফারজানা ইয়াসমিন একটি করে উইকেট শিকার করেন।
১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। দলীয় ১২ রানে ইশমা তানজিমের উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। শামীমা সুলতানা ১৬ বলে ২০, শারমিন সুলতানা ২৯ বলে ১৮, সাদিয়া আক্তার ১৫ বলে ১০ ও ফাহিমা খাতুন ১১ বলে ১৪ রান করেন।
তবে আর কেউ দুই অঙ্ক ছুঁতে না পারায় ৫ বল বাকি থাকতে ৮৮ রানে অলআউট হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
কমেন্ট বক্স