আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদেতাজুল ইসলামের স্থানে নিয়োগ পেলেন আমিনুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে নতুন নিয়োগ দেয়া হয়েছে। নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। একইসঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর নিয়োগ পান।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত দেড় বছর দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত তার অধীনে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচারকাজ চলছে ট্রাইব্যুনাল-১ ও ২-এ। রায় ঘোষণা হয়েছে তিনটির। অপেক্ষমাণ রয়েছে আরও দুটি মামলা।
এদিকে নিয়োগ পাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এসে বিদায়ি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।
এ সময় নতুন চিফ প্রসিকিউটরকে ফুল দিয়ে স্বাগত জানান প্রসিকিউটররা। পরে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান। সেখানে প্রসিকিউশন টিমের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিন সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
কমেন্ট বক্স