২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

শীগ্ৰই স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৫-০২-২০২৬
শীগ্ৰই স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি
দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো দীর্ঘ দেড় বছর ধরে জনপ্রতিনিধি শূন্য থাকায় সাধারণ মানুষ চরম নাগরিক ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ সরকার স্থানীয় নির্বাচনের বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। উল্টো সম্প্রতি ছয়টি সিটি করপোরেশনে তড়িঘড়ি করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে স্বচ্ছতার অভাব রয়েছে। প্রজ্ঞাপনে নিয়োগের কোনো নির্দিষ্ট মেয়াদ উল্লেখ না থাকায় একে ‘আমৃত্যু নিয়োগ’ বলে মনে হচ্ছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনে হেরে যাওয়া বা দলীয় প্রার্থীদের এসব পদে ‘প্রাইজ পোস্টিং’ দেওয়া হয়েছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী। সারাদেশে গত দুদিন ধরে এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা চলছে বলে দাবি করেন এনসিপির এই মুখপাত্র। পুলিশের অভিযানের নামে সাধারণ জনগণ ও সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সরকার জনগণকে ভয়ের মধ্যে রাখতে চাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর রাস্তা অবরোধ না করার বার্তার সমালোচনা করে আসিফ বলেন, অযৌক্তিক আন্দোলন সমর্থনযোগ্য নয়, তবে জনগণের যৌক্তিক দাবির আন্দোলন করার অধিকার কোনোভাবেই খর্ব করা যাবে না। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি জানান, আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা না থাকলেও এনসিপি সাংগঠনিকভাবে যোগ্য প্রার্থীদের সমর্থন ও সহযোগিতা দেবে। সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সংসদ সদস্য হান্নান মাসউদ বক্তব্য রাখেন। তিনি বলেন, এনসিপি আগামীতে সব পৌরসভা, সিটি করপোরেশন ও ওয়ার্ড পর্যায়ের নির্বাচনে অংশ নেবে এবং সে লক্ষ্যে সারা দেশে কর্মীদের প্রস্তুত করা হচ্ছে। গত নির্বাচনে নিজের ওপর হওয়া হামলার স্মৃতিচারণ করে তিনি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য, এনসিপির পক্ষ থেকে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রাথমিকভাবে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ