১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

উজবেকিস্তানের সাথে মেয়েদের বিদায়

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ১০-০৩-২০২৬
উজবেকিস্তানের সাথে মেয়েদের বিদায়
প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেললো বাংলাদেশ নারী দল। পরবর্তী রাউন্ডের আশা কম থাকলেও কিছু একটা করে অভিষেক স্মরণীয় করতে চেয়েছিলেন পিটার বাটলারের শিষ্যরা। তবে শেষটাও রাঙাতে পারল না। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ২-০, দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হারার পর সোমবার (৯ মার্চ) বাংলাদেশ হারল উজবেকিস্তানের বিপক্ষে। 

উজবেকিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশ সময় বিকেল তিনটায় পার্থে শুরু হওয়া ম্যাচে ৪ গোল খেয়ে হেরেছে বাংলাদেশ। তাতে সেরা দুটি তৃতীয় দলের একটি হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়া হলো না পিটার বাটলারের দলের। প্রথমার্ধে একটি গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে এদিন আরও ৩ গোল হজম করে বাংলাদেশ।

বড় হার দেখলেও এদিন উত্তর কোরিয়া ম্যাচের চেয়ে তুলনামূলক ইতিবাচক ফুটবল খেলেছে বাংলাদেশ। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত সেটি পাওয়া হয়নি। দারুণ শটে কয়েকবার গোলের সম্ভাবনা তৈরি করেন ঋতুপর্ণা চাকমা। তবে দারুণ দক্ষতায় সেগুলো ঠেকিয়ে দেন উজবেকর গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা। 

প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচে কয়েকটি গোল বাঁচিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার। নৈপুণ্য দেখালেও তিন ম্যাচে মিলি গোল হজম করেছেন ১১টি। আজ বাংলাদেশ জবাব দেয়ার চেষ্টা করেছে পাল্টা আক্রমণে। কিন্তু গতি ও শক্তিতে পিছিয়ে যায় বাঘিনীরা। 

এদিন উজবেকিস্তানের হয়ে জোড়া গোল করেছেন দিলদোরা নোজিমোভা। অন্য গোল দুটি করেছেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা ও নিলুফার কুদ্রাতোভা। এই জয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান। আর অস্ট্রেলিয়া থেকে অভিজ্ঞতা ও বড় আসরে খেলার তৃপ্তি নিয়ে ফিরছে বাংলাদেশ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ