১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা খালি করতে বলল আইআরজিসি

ইউরো বার্তা ডেস্ক
আপলোড সময় : ১৪-০৩-২০২৬
আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা খালি করতে বলল আইআরজিসি
সংযুক্ত আরব আমিরাতের সাধারণ নাগরিকদের দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরা বন্দরের আশেপাশের এলাকাগুলো অবিলম্বে খালি করার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)।

ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা প্রকাশিত এক সতর্কবাতায় আইআরজিসি বলেছে, ‘এসব এলাকার বেসামরিক স্থাপনাগুলোর মধ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি এবং গোপন অবস্থনের কারণে এই অঞ্চলগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।’




এতে আরও বলা হয়, ‘আগামী কয়েক ঘন্টার মধ্যে দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরা বন্দরের আশেপাশের এলাকা ব্যাপক হামলা চালানো হবে।’ 

এরআগে ইরানের খার্গ দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলার পর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব গোপন আস্তানাকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দেয় আইআরজিসি। 

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষার বৈধ অধিকার হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আশ্রয় নেওয়া মার্কিন শত্রু, তাদের ক্ষেপণাস্ত্রের উৎসস্থল, ব্যবহার করা বন্দর ও ডক এবং মার্কিন সৈন্যদের আস্তানাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। 

এদিকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে কয়েক দফায় হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী।




ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির বরাতে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা মার্কিন ঘাঁটি, কুয়েতের আল-আদিরি ঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈসা মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ‘পরপর কয়েক দফায়’ শক্তিশালী হামলা চালিয়েছে ইরানি নৌবাহিনী। 

অ্যাডমিরাল তাংসিরি আরও বলেন, ‘ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো আল-ধাফরা ঘাঁটিতে প্যাট্রিয়ট রাডার সিস্টেম, একটি নিয়ন্ত্রণ টাওয়ার এবং বিমান বিধ্বংসী স্থাপনাগুলোতে আঘাত হানে এবং ধ্বংস করে। শেখ ইসা ঘাঁটিটিও বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছিল। কুয়েতের আল-আদিরি ঘাঁটিতেও ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়েছিল, এতে সরঞ্জাম গুদাম এবং হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড ধ্বংস করা হয়েছিল।’

তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর (পেন্টাগন) আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য জানায়নি।

সূত্র: আলজাজিরা 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ