১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

প্যারিসে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ নূরুল ইসলাম
আপলোড সময় : ১৭-০৩-২০২৬
প্যারিসে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত


ফ্রান্সের রাজধানী প‍্যারিস ও এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন সংগঠনের আয়োজনে পৃথক পৃথক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

গত সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মেদ নুরুল ইসলাম নয়ন এম পি। এছাড়া বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ জামাল, ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আব্দুল্লাহ, ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ রশিদ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, আলতাফুর রহমান, এস এম মিল্টন সরকার, জাহিদুল ইসলাম শিপার ও ফারুক আহমেদ প্রমুখ।


অন্যদিকে ফ্রান্সে মৌলভীবাজার প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগেও একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার জেলার প্রবাসীদের পাশাপাশি বিভিন্ন অঞ্চলের বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। বক্তারা প্রবাসে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ মিলাদুর রহমান জুমার ও আজিজুর রহমান এপন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আলী আহমদ খান, সহ-সাধারণ সম্পাদক কামরুল আলম, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাশেদ আহমেদ টিটু, শিক্ষা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কবির হোসেন এবং সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইমরান আহমেদ।

এছাড়া প্যারিস শহরতলীর মেরি দ্য ওবারভিলিয়ে এলাকায় অরাজনৈতিক সামাজিক সংগঠন শ্রীনগর-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক ব্যক্তিত্ব ও মুরুব্বিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মোনাজাতে অংশ নেন।




এদিকে ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি আহসানুল হক বুলু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক খানের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার প্রবাসীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মিয়া, আব্দুর রহিম মোল্লা, কবি খান বাহাদুর আতিকুল ইসলাম খান ও লেখক খান আনোয়ার প্রমুখ।

ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবও একটি ইফতার মাহফিলের আয়োজন করে। সংগঠনের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় এতে সাংবাদিক, কমিউনিটি নেতা ও বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে পরিচালিত আদর্শ মানুষ গড়ার প্রতিষ্ঠান এমসি ইনস্টিটিউট ফ্রান্সের আয়োজনে প্যারেন্টিং বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিপুলসংখ্যক অভিভাবক ও শিশু-কিশোর অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের সভাপতি ও প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা শরীফ আল মোমীন, উপদেষ্টা ও সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন, লুতফর রহমান এবং নব্বই দশকের সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান আলম।

এদিকে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগেও একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফেরদৌস করিম আখন্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের পরিচালনায় প্যারিসে বসবাসরত বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অন্যদিকে মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে প্যারিসের বাঙালি অধ্যুষিত এলাকা গার দ্য নর এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন শহরে বসবাসরত মাদারীপুর জেলার প্রবাসীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দীন ও মোশারফ তালুকদার, পরিচালক মিয়া মস্তফা ও হান্নান হাওলাদার, সাংবাদিক নাজমুল কবির ও শুকুর মোল্লা, সাধারণ সম্পাদক এমামুল সরদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু।

অনুষ্ঠানগুলোর শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ