৩০ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার, ৩০ মার্চ ২০২৬

মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী আবারও রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৯-০৩-২০২৬
মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী আবারও রিমান্ডে
রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানবপাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রোববার (২৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এর আগে ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক রায়হানুর রহমান পুনরায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে পল্টন থানার মানবপাচার মামলায় গ্রেফতার দেখানো হয় এবং পরদিন আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন আসামিরা। গত বছরের ৩ সেপ্টেম্বর পল্টন থানায় এ মামলা দায়ের করেন আফিয়া ওভারসিজের মালিক আলতাব খান। এতে প্রায় ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলায় সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, সাবেক সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ এবং ব্যবসায়ী মো. রুহুল আমীন স্বপন-সহ মোট ১০৩ জনকে আসামি করা হয়েছে। বাদীর অভিযোগ অনুযায়ী, জনশক্তি রফতানির ক্ষেত্রে সিন্ডিকেট গঠন করে ব্যবসায়ীদের মধ্যে বৈষম্য তৈরি করা হয় এবং অবৈধভাবে অর্থ আদায় করা হয়। তিনি আরও দাবি করেন, ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে তার কাছ থেকে ৮৪১ জনের বিপরীতে প্রায় ১২ কোটি ৫৬ লাখ টাকা আদায় করা হয়েছে। এছাড়া অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকেও বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ