২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

রৌপ্য ও ব্রোঞ্জ জয়

ফ্রান্সের বোর্দোতে ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড-এ বাংলাদেশের সাফল্য

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২২-০৪-২০২৬
ফ্রান্সের বোর্দোতে ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড-এ বাংলাদেশের সাফল্য
ফ্রান্সের বোর্দো শহরে অনুষ্ঠিত ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড (ই-জি-মো)-এর ১৫তম আসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ গণিত প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশ একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে। বাংলাদেশ দলের মনামী জামান ১৮ নম্বর পেয়ে রৌপ্য পদক অর্জন করেন। অন্যদিকে সাজি সেহনাই ১৬ নম্বর পেয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন। প্রতিযোগিতায় দলের মোট স্কোর দাঁড়ায় ৪৫, যার মাধ্যমে বাংলাদেশ সামগ্রিকভাবে ৩৪তম স্থান অধিকার করে। দলের অন্য সদস্য কৃতিকা চক্রবর্তী ও নাহিয়ান পারিন ইফাও সম্ভাবনাময় পারফরম্যান্স দেখিয়েছেন, যা ভবিষ্যতে আরও ভালো ফলাফলের ইঙ্গিত দেয়। উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের জন্য আয়োজিত ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড বিশ্বব্যাপী অন্যতম মর্যাদাপূর্ণ গণিত প্রতিযোগিতা। ২০১২ সালে মাত্র ১৯টি দেশ নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে এতে প্রায় ৬০টি দেশ, ২৫০ জন প্রতিযোগী এবং প্রায় ৫০০ সংশ্লিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করে। এটি মেয়েদের জন্য বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ( আই-এম-ও) থেকে অনুপ্রাণিত হয়ে ই-জি-মো চালু করা হয়, যেখানে এখনও মেয়েদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম (মাত্র ১০-১৫ শতাংশ)। এই প্রেক্ষাপটে ই-জি-মো প্রমাণ করেছে, গণিতে মেয়েদের আগ্রহ ও মেধা কোনো অংশেই কম নয়। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো মেয়েদের গণিতের প্রতি আগ্রহ বাড়ানো এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করা। ২০২৬ সালের ই-জি-মো আয়োজন করা হয় ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ফ্রান্সের বোর্দোতে, আয়োজক হিসেবে ছিল অ্যানিম্যাথ ও বোর্দো বিশ্ববিদ্যালয়। ফ্রান্স এর আগে ১৯৮৩ সালে প্যারিসে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড আয়োজন করেছিল। দীর্ঘ ৪০ বছরের বেশি সময় পর এবারই দেশটি আবার বড় পরিসরে কোনো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড আয়োজন করল, যা ছিল ইতিহাসের দ্বিতীয় এবং সবচেয়ে বড় আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের অর্জন দেশের গণিতচর্চা ও নারী শিক্ষার্থীদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ