কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরে আলোচনা, নৃত্য-সঙ্গীত ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করে ইতিহাস ও ঐতিহ্য পরিষদ। সহযোগিতায় ছিল ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র (আইজিসিসি) ঢাকা, কালচারাল স্কুল তপোবন, নৃত্যাঞ্চল ও বহুমাত্রিক ডটকম।
অনুষ্ঠানে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ানকুমার বঢ়ে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম ভারত ও বাংলাদেশের মানুষের হৃদয়ে সমানভাবে স্থান করে আছেন। তাদের প্রতি মানুষের নিরন্তর ভালোবাসা ও শ্রদ্ধা দুদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের শক্তিশালী প্রতীক।
এ সময় নৃত্যাঞ্চলের শিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের নির্দেশনায় পরিবেশিত হয় নৃত্য-সঙ্গীতনির্ভর মূকনাট্য ‘নৃত্যগীতি’। পরিবেশনাটিতে রবীন্দ্রনাথ ও নজরুলের সঙ্গীত ও দর্শনের সৃজনশীল সমন্বয় তুলে ধরা হয়। এ সময় শিল্পীরা কবি দুজনের ১৪টি জনপ্রিয় গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারিক মনজুর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ রেজা।
অনুষ্ঠানে ঢাকা ও তার আশেপাশের এলাকার ১৩টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর আঁকা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতির একটি চিত্রকর্ম প্রদর্শনী আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী নবীন শিল্পীদেরকে সম্মাননা সনদ দেয়া হয়।