সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া, মোনাজাত ও দরিদ্র অসহায়দের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন মহাখালী কড়াইল এলাকার টিঅ্যান্ডটি মাঠে বেলা ৩টায় এ অনুষ্ঠান হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে দিনের শুরুতে বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
শুধু রাজধানী নয়, দলের প্রয়াত এই নেত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিএনপিসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ঢাকাসহ দেশব্যাপী একযোগে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালিত হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
ছাত্র দলের কর্মসূচি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি পালন করবে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (১৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী তামী এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শনিবার (১৫ আগস্ট) বাদ আসর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন।
দীর্ঘদিন অসুস্থতার সাথে লড়াই করে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীও ছিলেন তিনি। ১৯৮৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।