০৮ অক্টোবর ২০২৬ ,  ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

২১০ রান তুলেও বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ২৩-০৮-২০২৬
২১০ রান তুলেও বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া

প্রথম টেস্টে হারের ধাক্কা সামলে দ্বিতীয় টেস্টেই রাজকীয়ভাবে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। নিজেদের একমাত্র ইনিংসে মাত্র ২১০ রান তুলেও বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে এত কম রান তুলেও ইনিংস ব্যবধানে ম্যাচ জয়ের মাত্র চতুর্থ নজির এটি।

গত ৮০ বছরের মধ্যে প্রথম দল হিসেবে এই বিরল কীর্তি দেখাল অস্ট্রেলিয়া।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২১০ বা তার কম রান করে ইনিংস ব্যবধানে জয়ের যে চারটি নজির রয়েছে, তার তিনটির সঙ্গেই জড়িয়ে আছে অস্ট্রেলিয়ার নাম। এর আগে ১৮৮৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১৭২ রান তুলেও ইনিংস ও ২১ রানে জিতেছিল ইংল্যান্ড।

 

এরপর ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের একমাত্র ইনিংসে ১৫৩ রান করে ইনিংস ও ৭২ রানে জেতে অজিরা। পরবর্তীতে ১৯৪৬ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ১৯৯ রানে ইনিংস ঘোষণা করে ইনিংস ও ১০৩ রানের বিশাল জয় পেয়েছিল তারা।

১৯৪৬ সালের পর গত আট দশকে এত কম পুঁজিতে কোনো দল ইনিংস ব্যবধানে জিততে পারেনি। এবার বাংলাদেশকে প্রথম ইনিংসে ৬৪ এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৫ রানে গুটিয়ে দিয়ে সেই দীর্ঘ অপেক্ষার ইতি টানল অজিরা।

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় এই ম্যাচটিতে সব মিলিয়ে খেলা হয়েছে মাত্র ৭৫০ বল (১২৫ ওভার)। বলের হিসেবে এটি অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ। ১৯৩২ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকাকে দুই ইনিংসে ৩৬ ও ৪৫ রানে অলআউট করার ম্যাচে খেলা হয়েছিল মাত্র ৬৫৬ বল, যা এখনো অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম সমাপ্ত হওয়া টেস্টের রেকর্ড।

সার্বিকভাবে টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে এটি চতুর্থ সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ। টেস্ট ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত ম্যাচের রেকর্ডটি ২০২৪ সালের ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার কেপটাউন টেস্টের, যেখানে খেলা হয়েছিল মাত্র ৬৪২ বল। এর পেছনেই রয়েছে ১৯৩২ সালের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ (৬৫৬ বল) এবং ১৯৩৫ সালের ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি (৬৭২ বল)। এবার সেই তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্ট।  



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ