১৯ নভেম্বর ২০২৬ ,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

ইউরো বার্তা ডেস্ক
আপলোড সময় : ২৭-০৯-২০২৬
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক


গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান, পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই চলছে


নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ও মুখপাত্র মো. আকতার হোসেন জানান, জাসদ কার্যালয়ে বৈঠক চলছিল এবং সেখানে বেশ কিছু বহিরাগত ব্যক্তি অবস্থান করছিলেন। এ ঘটনায় ক্রাইম ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও পাওয়া তথ্য বিশ্লেষণের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজনকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের সবার রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে আটকের সংখ্যা নিয়েও ভিন্ন তথ্য এসেছে; পুলিশের পক্ষ থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানানো হয়েছে।

এদিকে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের নিয়ে জাসদের প্রতিনিধি সভা চলছিল। তাঁর দাবি, সভায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালান এবং পরে পুলিশ ঘটনাস্থলে আসে। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকের অভিযোগকে তিনি অস্বীকার করেন।

ঘটনাকে কেন্দ্র করে গুলিস্তানের জিপিও মোড় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ