১৯ নভেম্বর ২০২৬ ,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সহায়তা

ইউরো বার্তা ডেস্ক
আপলোড সময় : ০৮-১০-২০২৬
রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সহায়তা


ঢাকা, ৭ অক্টোবর ২০২৬: রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৫৫ কোটি টাকা) মূল্যের নতুন বহুবর্ষী সহায়তা চুক্তি করেছে দেশটি।

বুধবার অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এমপি উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন, শিক্ষা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও সুরক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।

পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের অংশীদার সংগঠনগুলোর সক্ষমতা বাড়ানোর মাধ্যমে এসব সহায়তার পরিধি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। এর ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগণের প্রয়োজনীয় সেবা ও সহায়তা পাওয়ার সুযোগ বাড়বে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি আন্তর্জাতিক মানবিক সংকট। বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক দায়িত্ববোধ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে।

তিনি বলেন, এই সংকটে অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতা বাংলাদেশের মানবিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ কমাতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা দীর্ঘদিন ধরে সহযোগিতা দিয়ে আসছে। নতুন এই চুক্তির মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন, জীবিকা ও দুর্যোগ প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ খাতে সহায়তা অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ