‘ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির।
ঢাকা, ৭ অক্টোবর ২০২৬: ‘যেখানে বিশ্বের এআই বিল্ডাররা তৈরি করে আগামীর প্রযুক্তি’—এই প্রতিপাদ্যে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস ২০২৬’। ক্লাউডক্যাম্প বাংলাদেশের আয়োজনে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় আগামী ২৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সাভারের বিরুলিয়া ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
বুধবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রিন গার্ডেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির। তিনি কংগ্রেসের বিভিন্ন দিক তুলে ধরেন।
আয়োজকরা জানান, এ কংগ্রেস কোনো সাধারণ হ্যাকাথন বা সম্মেলন নয়; এটি ছয় মাসব্যাপী একটি ‘বিল্ডার জার্নি’। জুলাইয়ে শুরু হওয়া এ কার্যক্রমের সমাপনী হবে ২৬ ডিসেম্বরের গ্লোবাল শোকেসের মাধ্যমে। আয়োজনে ৫ হাজারের বেশি এআই বিল্ডারকে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তারা ১১টি বৈশ্বিক ডোমেইন ও ৫৫টি চ্যালেঞ্জ ট্র্যাকের আওতায় বাস্তব সমস্যার প্রযুক্তিভিত্তিক সমাধান তৈরিতে কাজ করবেন।
কংগ্রেসের প্রতিযোগিতা দুটি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথমটি ‘টিম-বিল্ট প্রোডাক্ট কম্পিটিশন’। এতে তিন থেকে পাঁচ সদস্যের দল ছয় মাস ধরে একটি প্রোডাকশন-রেডি এআই পণ্য তৈরি করবে।
দ্বিতীয়টি ‘এআই-নেটিভ সিঙ্গেল প্রম্পট অ্যাপ্লিকেশন বিল্ডিং চ্যালেঞ্জ’। এতে নির্বাচিত ৫০০ প্রতিযোগী ইভেন্টের দিন মাত্র একটি মাস্টার প্রম্পট ব্যবহার করে এক ঘণ্টার মধ্যে একটি এন্টারপ্রাইজ-গ্রেড অ্যাপ্লিকেশন তৈরি করবেন। আয়োজকদের মতে, এ আয়োজন এআই-সহায়ক সফটওয়্যার প্রকৌশলের সম্ভাবনা সরাসরি প্রদর্শনের একটি সুযোগ তৈরি করবে।
এ ছাড়া থাকছে ‘অপরচুনিটি কানেক্ট’ নামে বছরব্যাপী একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিয়োগদাতা, বিনিয়োগকারী ও উচ্চশিক্ষা পরামর্শদাতাদের সঙ্গে পূর্বনির্ধারিত ওয়ান-টু-ওয়ান বৈঠকের সুযোগ পাবেন। এতে চাকরি, ইন্টার্নশিপ, বিনিয়োগ ও বৃত্তির সম্ভাবনাও তৈরি হবে।
প্রতিটি দলকে অভিজ্ঞ মেন্টররা প্রকল্পের দিকনির্দেশনা, আর্কিটেকচার রিভিউ ও উপস্থাপনা প্রস্তুতিতে সহায়তা করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি (এনআরবি) প্রযুক্তি বিশেষজ্ঞদের অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক অভিজ্ঞতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ইভেন্টের দিন বিশেষজ্ঞ বিচারকরা উদ্ভাবন, কারিগরি দক্ষতা, ব্যবসায়িক সম্ভাবনা, বৈশ্বিক সম্প্রসারণযোগ্যতা ও দায়িত্বশীল এআই ব্যবহারের ভিত্তিতে প্রকল্প মূল্যায়ন করবেন। বিজয়ীদের জন্য থাকছে প্রায় ১০ লাখ টাকা নগদ পুরস্কার, ট্রফি, সম্মাননা, সার্টিফিকেট, অংশীদারদের বিশেষ সুবিধা, গণমাধ্যমে স্বীকৃতি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রকল্প প্রদর্শনের সুযোগ।
ক্লাউডক্যাম্প বাংলাদেশের ফাউন্ডার ও চেয়ারম্যান মোহাম্মদ মাহদী-উজ-জামান বলেন, এ কংগ্রেস একদিনের আয়োজন নয়; এটি তরুণদের শেখা, তৈরি করা ও বৈশ্বিক পর্যায়ে নিজেদের সক্ষমতা তুলে ধরার ছয় মাসের একটি যাত্রা। বাংলাদেশকে প্রযুক্তির ব্যবহারকারী থেকে বিশ্বমানের এআই বিল্ডার ও সমাধানের উৎস হিসেবে প্রতিষ্ঠা করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির বলেন, কংগ্রেসটি তরুণ শিক্ষার্থীদের বৈশ্বিক মানের শিক্ষামূলক প্ল্যাটফর্মে যুক্ত করবে। বাস্তব সমস্যার সমাধানে কাজের মাধ্যমে তারা প্রযুক্তি ও উদ্ভাবনের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
কংগ্রেসে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত। বর্তমানে রেজিস্ট্রেশন চলছে। বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য ক্লাউডক্যাম্প বাংলাদেশের ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে।