১৯ নভেম্বর ২০২৬ ,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

অর্থনৈতিক স্বনির্ভরতা ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রই বিদেশি আগ্রাসন প্রতিরোধের মূলমন্ত্র: জেডিপি

প্রেস বিজ্ঞপ্তি
আপলোড সময় : ০৮-১০-২০২৬
অর্থনৈতিক স্বনির্ভরতা ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রই বিদেশি আগ্রাসন প্রতিরোধের মূলমন্ত্র: জেডিপি


ঢাকা, ৭ অক্টোবর ২০২৬: অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা অর্জন এবং প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্রকে শক্তিশালী করাই বিদেশি আগ্রাসন প্রতিরোধের অন্যতম প্রধান উপায় বলে মন্তব্য করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ। তিনি বলেন, কোনো দেশের সঙ্গে বৈরিতা নয়; জাতীয় স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।

বুধবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘শহীদ আবরার ফাহাদ স্মরণ ও বিদেশি আগ্রাসন থেকে বাংলাদেশকে সুরক্ষায় করণীয়’ শীর্ষক সভার আয়োজন করে জেডিপি।

আবরার ফাহাদ, আবু সাঈদ ও ওসমান হাদির প্রসঙ্গ তুলে নাঈম আহমাদ বলেন, তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ভিন্ন সময়ে উঠে আসা রাজনৈতিক ও সামাজিক আকাঙ্ক্ষার প্রতীক। তাঁদের উত্তরাধিকার বহনকারী প্রজন্মের হাতেই আগামীর বাংলাদেশের নেতৃত্ব গড়ে উঠবে।

তিনি বলেন, আবরার প্রশ্ন করার সাহস, আবু সাঈদ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস এবং হাদি রাজনৈতিক পরিবর্তন ও নতুন রাষ্ট্রচিন্তার আকাঙ্ক্ষার প্রতীক। তাঁদের উত্তরসূরি বলতে ব্যক্তিপূজা নয়; ন্যায়, স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় মর্যাদার আকাঙ্ক্ষার উত্তরাধিকারী প্রজন্মকে বোঝায়।

বিদেশি আগ্রাসন প্রতিরোধে রাষ্ট্রীয় সক্ষমতার ওপর গুরুত্ব দিয়ে জেডিপির আহ্বায়ক বলেন, শুধু সামরিক শক্তি যথেষ্ট নয়। একটি রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে সক্ষম, রাজনৈতিকভাবে স্থিতিশীল, গণতান্ত্রিকভাবে জবাবদিহিমূলক এবং প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী হতে হবে। তাঁর মতে, অর্থনৈতিক স্বনির্ভরতা ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিত্তি।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশকে কোনো নির্দিষ্ট দেশের অনুসারী না হয়ে জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। ‘আমরা চাই বাংলাদেশপন্থী বাংলাদেশ’—উল্লেখ করে তিনি বলেন, সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা থাকতে পারে, তবে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণেরই থাকা উচিত।

বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি প্রসঙ্গে নাঈম আহমাদ বলেন, বিশ্ববিদ্যালয় হবে মুক্তচিন্তা, জ্ঞানচর্চা ও বিতর্কের জায়গা; কোনো রাজনৈতিক দলের আধিপত্য প্রতিষ্ঠার স্থান নয়। তিনি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতিকে কেন্দ্র করে সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রাখার ক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্যও অভিন্ন নীতির দাবি জানান।

তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে রাষ্ট্রীয় নীতির ধারাবাহিকতা থাকা প্রয়োজন। পানি, সীমান্ত, সমুদ্র, বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দীর্ঘমেয়াদি জাতীয় কৌশল প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের প্রতি জেডিপির পক্ষ থেকে সংহতি জানান নাঈম আহমাদ।

জেডিপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল আলিম বলেন, আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট থেকে শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, আবরার ফাহাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় আগ্রাসনবিরোধী ও বাংলাদেশপন্থী রাজনীতি প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে হবে।

জেডিপির যুগ্ম আহ্বায়ক মুত্তাকী বিন মুনিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেডিপির প্রধান সংগঠক আহছান উল্লাহ, জনতার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব স্বনাম ফুয়াদ, বাংলাদেশ গ্রিন পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইউসুফ আম্মার, জেডিপির যুগ্ম সদস্যসচিব ইঞ্জিনিয়ার মাহতাব হোসেন সাব্বির এবং জাতীয় ছাত্রমঞ্চের প্রধান সংগঠক সালমান শরীফ প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ