‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’

আপলোড সময় : ১০-১২-২০২৪ ০৫:৫৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৪ ০৫:৫৩:৩১ অপরাহ্ন

চাঁদপুর সংবাদদাতা :

গত সাড়ে ৫ বছরে চাঁদপুর জেলায় ১২ হাজারের বেশি বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। নভেম্বর মাস ছিল সংগঠনটির চতুর্থ বই উপহার মাস। ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ স্লোগানে দুই নভেম্বর আনুষ্ঠানিকভাবে বই উপহার মাস ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

এরপর মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। পথে-ঘাটে, অফিস-আদালতে, এমনকি যানবাহনেও উপহার দেওয়া হয় বই। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় বই। টানা ১ মাস পাঁচদিন চলে এ কর্মসূচি।

শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁদপুর শহরের পুরান বাজার নূরিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে বই উপহার মাসের সমাপ্তি ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

বাচিকশিল্পী আবু বকর সিদ্দিকের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে প্রথমে শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা দেওয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সহসভাপতি শিউলী মজুমদার, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, আর্কাইভ ও নথি ব্যবস্থাপনা পরিচালক আল-আমিন সানি, চাঁদপুর শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক খালেক বিশ্বাস, ওপেন আইয়ের প্রতিষ্ঠাতা ইমরান শাকির এবং এস আর বাবলু। এ সময় প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী কর্মসূচির প্রচার-প্রচারণা, দিবস কর্মসূচি পালন ও সর্বোচ্চসংখ্যক বই উপহার দিয়ে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৪’ মর্যাদাপ্রাপ্ত ৩ জনকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত হলেন সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম।

বই উপহার মাসের আহ্বায়ক রফিকুজ্জামান রণি বলেন, ‘মাসব্যাপী চলে বই উপহার কর্মসূচি। এ মাসে প্রায় এক হাজারের কাছাকাছি বই উপহার দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিগত সাড়ে ৫ বছরে ১২ হাজারের বেশি বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি।’ সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, ‘মানুষকে বইমুখী করার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বই উপহার কর্মসূচি পালন করে আসছে চর্যাপদ একাডেমি। ২০২১ সাল থেকে টানা চতুর্থবারের মতো বই উপহার মাস পালন করেছে। এর মধ্যে একটি ‘বই উপহার মেলা’ও করেছে এ প্রতিষ্ঠান। এ পর্যন্ত ১২ হাজারের বেশি বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি। এবারের প্রতিপাদ্য ছিল, ‘বই কখনো হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘর।’

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :