​লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আহত বাসচালকের মৃত্যু

আপলোড সময় : ১১-১২-২০২৪ ০১:৩৫:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৪ ০১:৩৬:২০ অপরাহ্ন

 লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের একটি ফিলিং স্টেশনে যাত্রীবাহী বাসের গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত বাসচালক মো. রুবেল মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি  নিশ্চিত করেছেন।

এরআগে আজ ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় ফিলিং স্টেশনে গ্যাস রিফিলের সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে রুবেল গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত রুবেল রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের জমিদারহাট এলাকার চরসীতা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে এবং দুর্ঘটনা কবলিত আল মদীনা বাসের চালক ছিলেন।

এদিকে বিস্ফোরণের সময় ঘটনাস্থলেই মাথার খুলি উড়ে গিয়ে আবুল কালাম (২১) নামে এক রঙ মিস্ত্রি মারা যায়।

এতে নোয়াখালীর কবির হাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০) ও লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার নাঈম আহত হয়। আহতদের নোয়াখালী হাসপাতালে পাঠিয়েছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার সময় গ্রীণ লীফ সিএনজি ফিলিং স্টেশনে আল মদীনা নামের লোকাল বাসটি (চট্ট মেট্টো-ঝ ১১-১৯৩০) গ্যাস রিফিল করছিল। হঠাৎ বিস্ফোরণ ঘটে বাসের গ্যাস সিলিন্ডার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

এতে ঘটনাস্থলেই মাথার খুলি উড়ে গিয়ে কালাম মারা যায়। পরে এলাকাবাসীর সহযোগীতায় ফায়ার সার্ভিসের লোকজন নিহতের মরদেহ ও আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে।

চরবাদাম ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মাঈন উদ্দিন বলেন, লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় রুবেল মারা গেছে। শুনেছি তার মরদেহ বাড়িতে নিয়ে এসেছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, বিস্ফোরণের ঘটনায় আহত বাসচালক মারা গেছেন।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :