বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতারা। শনিবার (৩ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাখা শোক বইয়ে সই করেন তারা। একইসঙ্গে পরিষদের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
পরিষদের নেতারা গুলশান কার্যালয়ে পৌঁছালে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাদের স্বাগত জানান। এ সময় ঐক্য পরিষদের প্রতিনিধি দলটি শোক বইয়ে বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের লড়াইয়ে তার অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধাপূর্ণ বার্তা লিপিবদ্ধ করেন।
শোক বইয়ে সই করা শেষে প্রতিনিধি দলটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা শোকসন্তপ্ত তারেক রহমানকে ব্যক্তিগতভাবে সান্ত্বনা জানান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য শীর্ষ নেতারা।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক বইয়ে স্বাক্ষরের কর্মসূচি চলছে।