মার্কিন ভিসায় নতুন রুলস

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে যেতে দিতে হবে ভিসা বন্ড

আপলোড সময় : ০৭-০১-২০২৬ , আপডেট সময় : ০৭-০১-২০২৬
বাংলাদেশিসহ ৩৮ দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ডের নিয়ম করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্টেট ডিপার্টমেন্ট বিষয়টি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট জানিয়েছে, বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের বি১ ও বি২ ভিসার জন্য ভিসা বন্ড দিতে হবে। বাংলাদেশের জন্য এই নিয়ম চলতি বছরের ২১ জানুয়ারি কার্যকর হবে।

৩৮টি দেশ হলো—বাংলাদেশ, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, আন্টিগুয়া ও বারবুডা, বেনিন, ভুটান, বতসোয়ানা, বুরুন্ডি, কাবো ভার্দে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কোট দ’আইভরি, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, গিনি, গিনি-বিসাউ, কিরগিজস্তান, মালাউই, মৌরিতানিয়া, নামিবিয়া, নেপাল, নাইজেরিয়া, সাও টোমে ও প্রিন্সিপে, সেনেগাল, তাজিকিস্তান, তানজানিয়া, টোগো, টোঙ্গা, তুর্কমেনিস্তান, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।

ভিসা বন্ড হলো একটি অর্থের নিশ্চয়তা, যা ৫ হাজার ডলার, ১০ হাজার ডলার বা ১৫ হাজার ডলার হতে পারে। টাকার সঠিক পরিমাণ নির্ধারিত হবে ভিসা ইন্টারভিউতে। আবেদনকারীকে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ‘DHS Form I-352’ পূরণ করতে হবে। এই অর্থ শুধু সরকারি ওয়েবসাইট Pay.gov-এর মাধ্যমে প্রদান করতে হবে। কনস্যুলার অফিসারের নির্দেশ অনুযায়ী বন্ড দিতে হবে; আগে থেকে অর্থ দিলে তা ফেরত আসবে না। আর বন্ড দেওয়া মানে ভিসা নিশ্চিত নয়।

এ ছাড়া ভিসাধারীকে অবশ্যই তিনটি বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থান করতে হবে—বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ডালেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। শর্ত না মানলে প্রবেশে বাধা দেওয়া হতে পারে বা প্রস্থান সঠিকভাবে রেকর্ড হবে না।

ভিসা বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং টাকা ফেরত দেওয়া হবে, যদি ভিসাধারী ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ত্যাগ করে; ভিসাধারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেনি; ভিসাধারী পোর্টে প্রবেশের চেষ্টা করেছে, কিন্তু ভিসা অনুমোদিত হয়নি। ভিসা বন্ড লঙ্ঘন হবে যদি অনুমোদিত সময়ের পরে যুক্তরাষ্ট্রে থাকা, ভিসা স্ট্যাটাস পরিবর্তনের চেষ্টা করা বা আশ্রয় (Asylum) আবেদন করা হয়।

এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো বি১ ও বি২ ভিসার মেয়াদ অতিক্রম কমানো, যাতে বাংলাদেশিসহ এসব দেশের নাগরিকদের ভিসা ব্যবস্থাপনা আরও নির্ভরযোগ্য হয়। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :