পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় সৌহার্দ্যের এক অনন্য দৃশ্য দেখা গেল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। যা পুরো আয়োজনকে আরও আন্তরিক ও পারিবারিক আবহে পরিণত করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদের দিনে এমন সৌজন্য সাক্ষাৎ দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার একটি উপলক্ষ। সেই দৃষ্টিকোণ থেকেই এই শুভেচ্ছা বিনিময়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।