অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই করলো সংসদীয় কমিটি

আপলোড সময় : ৩০-০৩-২০২৬ , আপডেট সময় : ৩০-০৩-২০২৬
অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ের কাজ শেষ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। তবে প্রায় ১৪-১৫টি বিষয়ে সরকারি দল বিএনপির অবস্থানের সঙ্গে একমত হয়নি বিরোধী দল জামায়াতে ইসলামী; তারা এসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে।

গতকাল রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনে টানা তৃতীয় দিনের বৈঠকে এ আলোচনা শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

বৈঠকে অংশ নেন কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন; সংসদ সদস্য মুহাম্মদ ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন, মুহাম্মদ নওশাদ জমির, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান ও জি এম নজরুল ইসলাম। বিশেষ কমিটির আমন্ত্রণে এই বৈঠকে আরও অংশ নেন সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।

বৈঠক শেষে বিরোধী দলের সদস্য রফিকুল ইসলাম খান বলেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি দল সংখ্যাগরিষ্ঠতার জোরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ এবং সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয়—এসব বিষয়ে বিরোধী সদস্যরা আপত্তি জানিয়েছেন।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ১৩৩টি অধ্যাদেশের প্রতিটির বিষয়ে আলোচনা হয়েছে। অনেকগুলো যেভাবে আছে, সেভাবে পাস করার সিদ্ধান্ত হয়েছে। কিছু ক্ষেত্রে সংশোধিত আকারে বিল আনা হবে। আর কিছু হয়তো এই অধিবেশনে বিল আনার সময় পাওয়া যাবে না। এর মধ্যে যেগুলো পাস করাতে হবে, সেগুলো পরবর্তী অধিবেশনে বিল আকারে আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট এসেছে। সেগুলো যথাযথভাবে প্রতিবেদনে প্রতিফলিত হবে। বিল আকারে যখন উত্থাপিত হবে, তখন আইন প্রণয়নের সময় সংসদ সদস্যরা যাঁর যাঁর বক্তব্য দিতে পারবেন।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গণভোট অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে। যে কারণে এটি প্রণয়ন করা হয়েছিল, তার ব্যবহার হয়ে গেছে। এটার অধীনে সামনে আর কোনো গণভোট হবে না। তাই এটাকে বিল আকারে এনে আইন বানানোর কোনো অর্থ নেই। এটা অনুমোদনের প্রয়োজন নেই।

গণভোট সংক্রান্ত অধ্যাদেশ বিষয়ে তিনি বলেন, এর প্রয়োজনীয়তা ইতোমধ্যে শেষ হয়েছে, তাই এটিকে আইনে রূপ দেওয়ার প্রয়োজন নেই।

বিশেষ কমিটিকে আগামী ২ এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :