ভূমধ্যসাগরে সাম্প্রতিক নৌকাডুবির ঘটনায় ১৮ জন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)-এর মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।
সংগঠনটি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এই অপূরণীয় ক্ষতির প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছে।
আয়েবা সতর্ক করে জানিয়েছে, মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অনিরাপদ এবং প্রাণঘাতী। তারা সকলকে এই বিপজ্জনক পথ পরিহার করে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশে যাওয়ার জন্য জোরালো আহ্বান জানায়।
বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন অবৈধ অভিবাসন রোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। অনিয়মিতভাবে আগত অভিবাসীদের যাচাই-বাছাই শেষে যারা রাজনৈতিক আশ্রয়ের অযোগ্য বিবেচিত হচ্ছেন, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। এরই মধ্যে বাংলাদেশকে “নিরাপদ দেশ” হিসেবে ঘোষণা করায় আশ্রয় পাওয়ার সুযোগ আরও সীমিত হয়ে পড়েছে।
কাজী এনায়েত উল্লাহ বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।
সংগঠনটি আরও উল্লেখ করে, ইউরোপে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে—বিশেষ করে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, নির্মাণকর্মী, নার্স এবং হসপিটালিটি খাতে। আয়েবা বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগকে সমর্থন জানিয়ে সরকারকে এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
উল্লেখ্য, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে সরকারের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে দক্ষ জনশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।