শেরপুর ও বগুড়ায় উপনির্বাচনে নজীরবিহীন ভোট ডাকাতি- গোলাম পরওয়ার

আপলোড সময় : ১১-০৪-২০২৬ , আপডেট সময় : ১১-০৪-২০২৬
শেরপুর ও বগুড়ায় উপনির্বাচনে নজীরবিহীন ভোট ডাকাতি, কেন্দ্র দখল ও প্রতিপক্ষের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এসব ঘটনার মাধ্যমে আওয়ামী লীগকেও হার মানিয়েছে বিএনপি। 

শুক্রবার (৪ এপ্রিল) বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এসব অভিযোগ করেন। শেরপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অনিয়মের প্রতিবাদে ফলাফল বাতিলের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।



গণভোট নিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে বিএনপি বলেছে গণভোট জয়যুক্ত হলে তারা অক্ষরে অক্ষরে মানবে। কিন্তু সরকার গঠন করে তারা গণভোটের আদেশ বাতিল করছে! বিএনপির এই দ্বিচারিতা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং শহীদদের রক্তের সঙ্গেও চরম বেঈমানি।’

বিএনপি আগের শাসনামলের ‘মাগুরা মার্কা’ নির্বাচনের পুনরাবৃত্তি ঘটিয়েছে শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে- এমন মন্তব্য করে গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে জাল ভোট, কেন্দ্র দখল, প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলার চিত্র মিডিয়ায় প্রকাশ হওয়ার পরও সিইসি নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে জাতির সঙ্গে তামাশা করেছেন।

বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না। ক্ষমতায় টিকে থাকতে হলে বিএনপিকেই চলমান রাজনৈতিক সংকট সমাধান করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।




সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান প্রমুখ। 

আরও ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান, মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান, মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন প্রমুখ। 
 
এর আগে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে সেটি পল্টন মোড়-বিজয়নগর গোলচত্বর গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিল থেকে বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের ফল বাতিলের দাবি জানানো হয়।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :