জামিনে মুক্ত সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

আপলোড সময় : ১২-০৪-২০২৬ , আপডেট সময় : ১২-০৪-২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের সময় হওয়া একটি হত্যাচেষ্টার মামলায় দুপুরে জামিন পাওয়ার পর বিকেলে কারামুক্ত হয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে রিলিজ দেওয়া হয়েছে। তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার প্রাঙ্গণ ত্যাগ করেছেন। এর আগে গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডির এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওইদিনই তাকে জুলাই আন্দোলনের সময়কার আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টা ও চারটি হত্যা মামলা রয়েছে। তবে রোববার দুপুরে জামিন হওয়ার পর আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানান, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি শিরীন শারমিনকে। ৭ এপ্রিল গ্রেফতারের পর তার দুদিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। পাশাপাশি তার পক্ষে জামিনের আবেদন করেছিলেন আইনজীবী। আদালত উভয়পক্ষের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :