বিদেশি জাহাজের জন্য বাণিজ্যিকভাবে খুলে দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে ফের হরমুজ প্রণালিতে অবরোধ কার্যকর করেছে ইরান। তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে যে নৌ অবরোধ চালাচ্ছে তা ‘সমুদ্রদস্যুতা’র (পাইরেসি) শামিল, এবং এই অবরোধ না তুলে নিলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের প্রধান পথটি বন্ধই থাকবে। খবর আল জাজিরার।
ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। শনিবার দুপুরের দিকে দেয়া সেই বিবৃতিতে যৌথ সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আবারও পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালির ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে, আগের মতোই।'
এর ফলে বৈশ্বিক তেল বাজার, সামুদ্রিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা-সবকিছুই নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন করে বিস্ফোরণমুখী রূপ নিয়েছে, কারণ ইরান আবারও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে।