শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন মুহাম্মাদ আলে শায়খের ইন্তিকাল

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের আমিরের শোক

আপলোড সময় : ২৪-০৯-২০২৫ , আপডেট সময় : ২৪-০৯-২০২৫
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন মুহাম্মাদ আলে শায়খের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আবদুল আজিজের প্রয়াণে  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি গণমাধ্যমে এক শোকবাণী পাঠিয়েছেন।

শোকবাণীতে শফিকুর রহমান বলেন, ‘সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন মুহাম্মাদ আলে শায়খ ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় (সৌদি আরবের স্থানীয় সময়) ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।’


শফিকুর রহমান আরও বলেন, শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন মুহাম্মাদ আলে শায়খ ১৯৯৯ সালে সৌদি আরবের প্রধান মুফতি পদে নিযুক্ত হন এবং দেশটির সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রধান মুফতির দায়িত্বের মধ্যে রয়েছে বিভিন্ন আইনি, সামাজিক ও ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদান করা, যা সৌদি আরবের আদালতব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে। তিনি ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন, যা ইসলামের ইতিহাসে মসজিদে নামিরার সুদীর্ঘকালের খতিব হিসেবে রেকর্ড গড়েন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।


শোকবাণীতে শফিকুর রহমান বলেন, শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন মুহাম্মাদ আলে শায়খের ইন্তিকালে মুসলিম উম্মাহ একজন আলেমে দ্বীন, ইসলামি চিন্তাবিদ ও অভিভাবককে হারাল। তিনি সুদীর্ঘ ৩৫ বছর পবিত্র হজের দিকনির্দেশনামূলক খুতবা দিয়ে মুসলিম উম্মাহর বিরাট খেদমত করে গিয়েছেন। তাঁর ইন্তিকালে সৌদি আরবসহ মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।

শোকবাণীতে শফিকুর রহমান আরও বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন তাঁর জীবনের সব খেদমত কবুল করুন। তাঁর গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে নেকিতে পরিপূর্ণ করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের আলা দারাজা নসিব করুন।’

শফিকুর রহমান বলেন, ‘আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও সৌদি আরবের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আল্লাহ তাআলার নিকট দোয়া করছি—তিনি যেন তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমিন।’ 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :